হোম > সারা দেশ > বরিশাল

সরকারি চাল কম পেয়ে হামলা, ডিলারকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নালিতাবাড়ীতে টিসিবি ডিলারের ট্রাক থেকে বেশ কিছু খালি তেলের কার্টন উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

বরিশালের বাকেরগঞ্জে চাল কম দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার নিয়ামতি ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে চেয়ারম্যান হুমায়ন কবিরের ওপর এ হামলা হয় বলে অভিযোগ উঠেছে।

হুমায়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাকেরগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি। এ ঘটনার একটি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা বলেন, সরকারি চাল কম দেওয়ার অভিযোগ তুলে নিয়ামতি ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে বাগ্বিতণ্ডা ঘটে। একপর্যায়ে ইউপি চেয়ারম্যান হুমায়ন কবিরের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পরিদর্শন করেছে।

ভিডিওতে দেখা গেছে, উত্তেজিত যুবকেরা চেয়ারম্যানকে ঘিরে ধরে কিল-ঘুষি মারছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি পরিকল্পিত বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সরকারের বরাদ্দ করা ভিজিডি কর্মসূচির আওতায় নিয়ামতি ইউনিয়নের জন্য ২৪ টন চাল আসার কথা ছিল। তবে চেয়ারম্যান ১ টন চাল কম নিয়ে আসেন বলে অভিযোগ ওঠে। পরে ট্যাগ অফিসার এনামুলের সামনে আবারও চাল মাপা হয়। তাতে ১ টন কম পাওয়া যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল শিকদারের নেতৃত্বে চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটে। যুবদলের কেন্দ্রীয় সদস্য সালাম শিকদারও এ সময় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান হুমায়ন কবিরকে ফোন দেওয়া হলে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সুরা সদস্য নুরুল ইসলাম আলামিন বলেন, ‘চাল কম আনার অভিযোগ উঠলে প্রশাসন ব্যবস্থা নেবে। আইন হাতে তুলে কেন নেওয়া হলো? আমরা মনে করি এই হামলার ঘটনা নেয়ামতি ইউনিয়ন বিএনপি নেতারা পরিকল্পিতভাবে ঘটিয়েছেন।’

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিন্দা এবং দোষীদের বিচার দাবি করেছে।

এ বিষয়ে জানতে চাইলে যুবদলের কেন্দ্রীয় সদস্য সালাম শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘চাল কম আনার বিষয়টি আমাদের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল শিকদার অবগত ছিলেন। তিনি চাল কম আনার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমাদের ওপর হামলা করেন এবং চেয়ারম্যানের মামা ঘুষি মারেন। স্থানীয়রা উত্তেজিত হলে মারামারির ঘটনা ঘটে।’

ট্যাগ অফিসার এনামুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাল কম থাকার বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে হামলার ঘটনা ঘটে।

এ ব্যাপারে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, খবর পেয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানানো হবে।

এদিকে শেরপুরের নালিতাবাড়ীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকসেলে পণ্য

কম থাকা ও অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট ডিলারকে শোকজ করেছে উপজেলা প্রশাসন। বরাদ্দ করা ৪০০ প্যাকেজ পণ্যের মধ্যে ৯০টি ঘাটতি পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়। গত রোববার পৌরসভা চত্বরে পণ্য বিতরণের সময় এই অনিয়ম ধরা পড়ে। পরে রাতে অভিযুক্ত প্রতিষ্ঠানকে শোকজ করা হয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, পবিত্র রমজান উপলক্ষে টিসিবির ট্রাকসেল কার্যক্রম চলাকালে ভোক্তারা পণ্যের পরিমাণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। একপর্যায়ে হট্টগোল শুরু হলে দায়িত্বরত ট্যাগ অফিসার আলমগীর হোসেন ট্রাকে থাকা পণ্য গণনা করেন। এতে দেখা যায়, ৪০০ জন ভোক্তার জন্য বরাদ্দ থাকলেও ট্রাকে রয়েছে মাত্র ৩১০টি প্যাকেজ। অন্য ৯০টি প্যাকেজের কোনো হদিস পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। এ সময় ট্রাক থেকে বেশ কিছু খালি তেলের কার্টন উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ডিলার ও কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে দীর্ঘদিন ধরে এভাবে পণ্য সরিয়ে নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়েছে, বরাদ্দ করা পণ্য বুঝিয়ে দিতে ব্যর্থ হওয়া টিসিবির শর্তাবলির গুরুতর লঙ্ঘন।

কেন ডিলারশিপ বাতিল করা হবে না—তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। এ ছাড়া পণ্য কম থাকার বিষয়টি আগে জানানো হয়নি কেন—এ প্রশ্নে ট্যাগ অফিসারদের দায়িত্ব নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে প্রশাসন।

তবে ডিলার মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল বাশার দাবি করেন, পণ্য কম থাকার বিষয়টি তিনি আগে জানতেন না।

পরে খবর পেয়ে ঘাটতি পণ্য সরবরাহ করা হয়েছে।

এ বিষয়ে ইউএনও রেজওয়ানা আফরিন আজকের পত্রিকাকে বলেন, অনিয়মের বিষয়টি জানার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘাটতি পণ্য উদ্ধার করে ভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে ওই ডিলারকে বাদ দিয়ে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

নগরে যানজট বাড়াচ্ছে বহিরাগত অটোরিকশা

চার লেনের চাপ দুই লেনে, জটের শঙ্কা

চট্টগ্রাম মেডিকেল কলেজ: শতবর্ষীসহ অর্ধশত গাছ উজাড়

বইমেলায় ভিন্ন রকম ইফতার

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

৪ হাজার ৩৬৪টি ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাইদুল, বিমানবন্দরে আটক

খুলনায় ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে’ নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে খুঁটি বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

ট্রেনে উঠে ৮ মাস নিখোঁজ শিশু আবদুল্লাহ, অতঃপর...

টাঙ্গাইলে শালবনের অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন