
বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিলকে ফেবারিটের তালিকা থেকে বাদ দেওয়া এবং দলের খেলোয়াড়দের সামর্থ্য নিয়ে ওঠা সমালোচনায় বেশ চটেছেন ব্রুনো গিমারেস। নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার সাফ জানিয়ে দিয়েছেন, ব্রাজিলকে অবহেলা করার কোনো সুযোগ নেই। কারণ, মাঠের লড়াইয়ে নামার আগে তাদের বুকেই জ্বলজ্বল করছে পাঁচ-পাঁচটি বিশ্বকাপ জয়ের গৌরব।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ‘দ্য রিজ’ হোটেলে সোমবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন গিমারেস। মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ ব্যবধানের জয়ে চমৎকার এক গোল করা এই মিডফিল্ডার ব্রাজিলের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে তৈরি হওয়া সব নেতিবাচক পূর্বাভাস উড়িয়ে দেন।
সম্প্রতি বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার মাইকেল অলিসে মন্তব্য করেছিলেন, বর্তমান ব্রাজিল দলে ‘আলাদা করে চেনার মতো’ কোনো বড় তারকা নেই। মেক্সিকান কিংবদন্তি হুগো সানচেস এক সাক্ষাৎকারে দাবি করেন, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল বড়জোর ষষ্ঠ স্থান পর্যন্ত যেতে পারবে।
সমালোচকদের এমন মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে গিমারেস বলেন, ‘আমার মনে হয় অনেকে কেবল মনোযোগ আকর্ষণের জন্যই এসব কথা বলেন। ব্রাজিল যেকোনো টুর্নামেন্টে খেলতে গেলেই সব সময় ফেবারিট থাকে। আর অন্য কোনো দলের বুকে আমাদের মতো পাঁচটি তারকা নেই।’
ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়াদের মতো সতীর্থদের উদাহরণ টেনে গিমারেস আরও বলেন, ‘আমরা জানি মাঠের লড়াইয়ে অতীতের তারকা কোনো প্রভাব ফেলে না, তবে আমরা এখানে নিজেদের সেরাটা দিতেই এসেছি। বিশ্বের সেরা ক্লাবগুলোয় আমাদের খেলোয়াড়েরা দারুণ ফর্মে আছে। আমাদের খেলোয়াড়দের যে সম্মান প্রাপ্য, তা দেওয়া উচিত।’
দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে ১০ দলের মধ্যে পঞ্চম স্থানে থেকে মূল পর্বের টিকিট কেটেছে কার্লো আনচেলত্তির দল। শীর্ষ স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার চেয়ে তারা ১০ পয়েন্ট পিছিয়ে ছিল। তবে বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে দুটি প্রীতি ম্যাচের জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে সেলেসাওদের। রিও ডি জেনিরোতে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দেওয়ার পর ওহাইওতে মিসরকে হারায় ২-১ ব্যবধানে।
রোববার নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ ‘সি’তে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
তবে মাঠের লড়াই শুরুর আগেই চোটের ধাক্কা লেগেছে ব্রাজিল শিবিরে। ঊরুর চোটে দল থেকে ছিটকে গেছেন রোমার রাইট ব্যাক ওয়েসলি। তাঁর জায়গায় আতালান্তার ২৬ বছর বয়সী মিডফিল্ডার এদেরসনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন কোচ আনচেলত্তি।
সতীর্থের ছিটকে যাওয়া নিয়ে গিমারেস বলেন, ‘খবরটা আমাদের সবার জন্যই ভীষণ কষ্টের। বিশ্বকাপ খেলা যেকোনো ফুটবলারের ক্যারিয়ারের সর্বোচ্চ শিখর। টুর্নামেন্ট শুরুর মাত্র পাঁচ দিন আগে এমন চোট সত্যি দুর্ভাগ্যজনক। মাঠে আমাদের দৌড়ানোর এক হাজারটি কারণ তো ছিলই, এখন ওয়েসলির জন্য আরও একটি কারণ যুক্ত হলো।’
৩৪ বছর বয়সী তারকা ফরোয়ার্ড নেইমারকে নিয়েও রয়েছে শঙ্কা। ২০২৩ সালের পর জাতীয় দলের জার্সি না পরা এই সান্তোস ফরোয়ার্ডকে চোটের ঝুঁকি সত্ত্বেও দলে রেখেছিলেন আনচেলত্তি। কিন্তু কাফ মাসলের (পায়ের পেশি) নতুন চোটের কারণে গ্রুপ পর্বে তিনি মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে এখনো অপেক্ষা করতে হচ্ছে সেলেসাওদের।

কার্ডিফে ২০০৫ সালের মোহাম্মদ আশরাফুল-আফতাব আহমেদদের উদ্যাপনের দৃশ্যটা নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে অমলিন। পরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে জয়ের পর দেশের সংবাদমাধ্যমগুলোর শিরোনাম হয়েছিল ‘ক্যাঙ্গারু-বধ’ নিয়ে। মাঝে কেটে গেছে ২১ বছর। এই সময়ে অস্ট্রেলিয়ার...
৪২ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচই হারল বাংলাদেশ। লাফবোরোতে শনিবার নিউজিল্যান্ডের কাছে নিগার সুলতানা জ্যোতির দল হেরেছিল ৬৮ রানে। একই মাঠে আজ মূলপর্বে নামার আগে জয়ের কাছাকাছি গিয়েছিল বাংলাদেশ। আইরিশদের কাছে শেষ পর্যন্ত হেরেই গেল জ্যোতির দল।
১ ঘণ্টা আগে
বল লিটন দাসের হাতে পৌঁছাতেই উচ্ছ্বাস উইকেটরক্ষক লিটন দাসের। নাহিদ রানা-লিটনসহ উদযাপনে ব্যস্ত পুরো বাংলাদেশ দল। সে সময় ক্যামেরার লেন্স ঘুরে গেল রানা-জশ ইংলিসের দিকে। দুজনের মধ্যে কথা-কাটাকাটি হওয়ার অবস্থা হলেও অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ অন্যান্যরা তা হতে দেননি।
৩ ঘণ্টা আগে
উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে ফ্রান্সের লক্ষ্য নিয়ে কোনো ধরনের ধোঁয়াশা রাখলেন না কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড স্পষ্ট জানিয়ে রাখলেন, অন্য কিছু নয়—দ্য গ্রেটেস্ট শো অন আর্থে ফরাসিদের একমাত্র লক্ষ্য থাকবে শিরোপা জেতা।
৩ ঘণ্টা আগে