
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় একটি যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে ঘটে যাওয়া এই শক্তিশালী বিস্ফোরণে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও তাঁদের পরিবারের সদস্যসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) একটি বিবৃতির মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে। তবে রয়টার্স স্বাধীনভাবে বিএলএ-এর বিবৃতি যাচাই করেনি। পাকিস্তান সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে বেলুচিস্তানের প্রাদেশিক সরকার ও নিরাপত্তা বাহিনীর তিনজন শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কোয়েটার সব সরকারি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
পাকিস্তানের রেল মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কোয়েটার ক্যান্টনমেন্ট এলাকা থেকে যাত্রীদের নিয়ে লং-ডিসট্যান্স বা দূরপাল্লার ট্রেন ‘জাফর এক্সপ্রেস’-এর সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি শাটল ট্রেন কোয়েটা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। পথিমধ্যে শহরের চামান ফটক ক্রসিংয়ের কাছে আবাসিক এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী চলন্ত ট্রেনের একটি বগিতে সরাসরি ধাক্কা মারে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে ট্রেনের ইঞ্জিন ও তিনটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে এবং দুটি কোচ উল্টে গিয়ে সেগুলোতে দাউ দাউ করে আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দে পুরো কোয়েটা শহর কেঁপে ওঠে এবং আশপাশের বেশ কয়েকটি আবাসিক ভবন ও রাস্তায় পার্ক করা এক ডজনেরও বেশি যানবাহন দুমড়ে-মুচড়ে যায়। বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাও এই ঘটনায় হতাহত হয়েছেন।
ইরান ও আফগানিস্তান সীমান্তের খনিজ সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে স্বাধীনতার দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে বিএলএ। সাম্প্রতিক সময়ে তারা পাকিস্তানি নিরাপত্তা বাহিনী, ট্রেন এবং বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলার মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই নৃশংস বোমা হামলার নিন্দা জানিয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। এই কঠিন সময়ে পুরো জাতি বেলুচিস্তানের নিরীহ মানুষের পাশে রয়েছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এবং প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দও এই কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেছেন। বর্তমানে পুরো এলাকাটি সেনাবাহিনী ও প্যারা মিলিটারি ফোর্স ঘিরে রেখেছে।
উল্লেখ্য, এর আগে গত বছর এই জাফর এক্সপ্রেস ট্রেনটিকেই শত শত যাত্রীসহ হাইজ্যাক করেছিল বিএলএ। এতে ২১ জন জিম্মি ও ৪ জন সেনার মৃত্যু হয়। এ ছাড়া সামরিক বাহিনীর দীর্ঘ কমান্ডো অভিযানে ৩৩ জন হামলাকারী নিহত হয়েছিল। চলতি বছরের শুরুর দিকেও বেলুচিস্তানজুড়ে সিরিজ বোমা হামলায় ৫০ জন নিহত হয়। এরপর পাকিস্তান সেনাবাহিনী টানা ৪০ ঘণ্টার এক অভিযানে ১৪৫ জন বিএলএ জঙ্গিকে হত্যার দাবি করেছিল।

রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। চার বছর ধরে চলা যুদ্ধের মধ্যে এটিকে কিয়েভের ওপর সবচেয়ে বড় হামলাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, হামলায় অন্তত চারজন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবার্তার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত একজন নিহত এবং এক কিশোরসহ কমপক্ষে ২১ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
৭ ঘণ্টা আগে
ইউরোপজুড়ে সিফিলিস ও গনোরিয়ার মতো যৌনবাহিত রোগের (এসটিআই) সংক্রমণ রেকর্ড মাত্রায় পৌঁছেছে। ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের (ইসিডিসি) প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত এক দশকের বেশি সময়ের মধ্যে এই দুই রোগের সংক্রমণ এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে একটি বড় ধরনের চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত’ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাত অবসান এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ পুনরায় উন্মুক্ত করার বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত থাকছে।
৯ ঘণ্টা আগে