Ajker Patrika

১৪ বছরের প্রেমের পর আলাদা হয়ে গেলেন কোরিয়ান তারকা জুটি

বিনোদন ডেস্ক
১৪ বছরের প্রেমের পর আলাদা হয়ে গেলেন কোরিয়ান তারকা জুটি
জনপ্রিয় সংগীতশিল্পী সহিয়োন ও অভিনেতা জং গিয়োং হো; ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৪ বছর একসঙ্গে পথচলার পর অবশেষে নিজেদের সম্পর্কের ইতি টেনেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সহিয়োন ও অভিনেতা জং গিয়োং হো। কে-পপ গার্লস গ্রুপ গার্লস জেনারেশনের অন্যতম সদস্য সহিয়োন। অন্যদিকে, জং গিয়োং হো বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন ‘হসপিটাল প্লেলিস্ট’, ‘ক্র্যাশ কোর্স ইন রোমান্স’-এর মতো ব্লকবাস্টার সিরিজে অভিনয় করে। গতকাল ৯ জুন দুই তারকার অফিশিয়াল এজেন্সির পক্ষ থেকে তাঁদের বিচ্ছেদের খবর নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি সহিয়োন ও জং গিয়োং হো ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন। এর ফলে প্রথমে সোশ্যাল মিডিয়ায় তাঁদের ব্রেকআপের গুঞ্জন ছড়ায়। পরে কোরিয়ান সংবাদমাধ্যমের অনুসন্ধানে সত্যতা বেরিয়ে আসে।

কোরিয়ান সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দুজনেরই কর্মব্যস্ততা বেড়ে যাওয়ায় তাঁরা একে অপরের থেকে মানসিকভাবে কিছুটা দূরে সরে যান এবং কোনো রকম প্রকাশ্য কলহ ছাড়াই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।

বিচ্ছেদের খবর নিশ্চিত করে সহিয়োনের এজেন্সি সারাম এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ‘এটা সত্য যে তাঁরা আলাদা হয়ে গেছেন। তবে তাঁরা ভবিষ্যতেও একে অপরের ভালো সহকর্মী ও বন্ধু হিসেবে পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।’

২০১২ সালের সেপ্টেম্বরে সম্পর্কে জড়ান সহিয়োন ও জং গিয়োং হো। ২০১৪ সালের জানুয়ারি মাসে তাঁরা নিজেদের প্রেমের কথা প্রকাশ করেন। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে তাঁরা বিভিন্ন টিভি শো ও সাক্ষাৎকারে খোলামেলাভাবে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, যা দক্ষিণ কোরিয়ার বিনোদন ইন্ডাস্ট্রিতে একটি বিরল দৃষ্টান্ত ছিল।

ভক্তদের ধারণা ছিল, কোরিয়ান বিনোদনজগতের এই অন্যতম স্টেবল জুটি শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু দীর্ঘ ১৪ বছরের এই রূপকথার মতো সম্পর্কের এমন আকস্মিক সমাপ্তিতে বিস্মিত ভক্তরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত