Ajker Patrika

চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে নেওয়া হবে কাকলীকে

বিনোদন প্রতিবেদক, ঢাকা
চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে নেওয়া হবে কাকলীকে
প্রাণ রায় ও শাহনেওয়াজ কাকলী। ছবি: সংগৃহীত

স্ট্রোকের পর দীর্ঘদিন চিকিৎসা চললেও তেমন শারীরিক উন্নতি হয়নি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শাহনেওয়াজ কাকলীর। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কাকলীর স্বামী অভিনেতা প্রাণ রায়। তবে চিকিৎসাব্যয় নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে তাঁদের, কারণ এরই মধ্যে চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাণ রায় বলেন, ‘দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে, কিন্তু কাকলীর উন্নতি খুব একটা হচ্ছে না। তাই তাঁকে নিয়ে বেঙ্গালুরুতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, রাজধানীর মিরপুরে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-তে দীর্ঘদিন ধরে চিকিৎসা ও থেরাপি নিচ্ছেন কাকলী।

নিয়মিত থেরাপির ফলে কিছুটা উন্নতি হয়েছে। স্ত্রীর শারীরিক পরিস্থিতি সম্পর্কে প্রাণ রায় বলেন, ‘শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো তিনি হাঁটতে পারছেন না। বাঁ হাতও নড়াচড়া করতে পারছেন না। মূলত শরীরের বাঁ পাশ এখনো প্যারালাইজড অবস্থায় রয়েছে। আগে শুধু শুয়ে থাকতে হতো, বসতেও পারতেন না। এখন কিছু সময় বসে থাকতে পারেন। তবে কোনো ধরনের সাপোর্ট ছাড়া হাঁটতে পারেন না। খাওয়াদাওয়াও স্বাভাবিকভাবে করতে পারছেন না। দিন দিন শারীরিক অবস্থা আরও জটিল হয়ে উঠছে।’

এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুর মনিপাল হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। হাসপাতালের সঙ্গে যোগাযোগ শেষে মেডিকেল ভিসাও পেয়েছেন বলে জানিয়েছেন প্রাণ রায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত