Ajker Patrika

পাঠকবন্ধু পুরস্কৃত করল ১২ সংগঠককে

ক্যাম্পাস ডেস্ক 
পাঠকবন্ধু পুরস্কৃত করল ১২ সংগঠককে
পুরস্কারপ্রাপ্ত সংগঠকদের সঙ্গে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

উৎসবমুখর পরিবেশে পাঠকবন্ধুর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে ১৮ মে। আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে ২০২৪ সালের ২ মে যাত্রা শুরু করা সংগঠনটি তৃতীয় বর্ষে পা রেখেছে। গত দুই বছরে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও বিশেষ অবদানের জন্য ১২ সংগঠককে পুরস্কৃত করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেরা সংগঠকদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেন আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান।

এ বছর সংগঠক হিসেবে স্বীকৃতি পাওয়া সদস্যরা হলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তানজিল কাজী, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের মো. তাহমিদ আল মাহাবুব খান এলিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. সৈয়দুর রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাজমুল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোতালেব হোসাইন, সরকারি তিতুমীর কলেজের মিনহাজুর রহমান, আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের সাবরিন সুলতানা উর্বরা, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের তানিয়া আক্তার, গণ বিশ্ববিদ্যালয়ের সানজিদা জান্নাত পিংকি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহসান হাবীব রানা, পাঠকবন্ধুর মাদারীপুর জেলা শাখার সভাপতি এস এম আরাফাত হাসান এবং চাংশা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চীনের জীবন কুমার সরকার।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে মোতালেব হোসাইন বলেন, ‘যিনি পাঠক, তিনিই বন্ধু। আর ভালো বন্ধুরা একত্র হয়ে ইতিবাচক কাজ করলে সমাজ ও রাষ্ট্রে পরিবর্তন আনা সম্ভব। পাঠকবন্ধুর সদস্যরা সেই কাজই করে যাচ্ছেন।’

পাঠকবন্ধুর প্রধান সমন্বয়কারী আব্দুর রাজ্জাক খান বলেন, সারা দেশের হাজারো সদস্যের মধ্য থেকে ১২ সংগঠককে নির্বাচন করা কঠিন কাজ ছিল। দীর্ঘদিনের সক্রিয় সম্পৃক্ততা, ইতিবাচক উদ্যোগ গ্রহণ, নতুন বন্ধু ও শাখা তৈরিতে ভূমিকা এবং কেন্দ্রীয় কার্যক্রমে অংশগ্রহণের ভিত্তিতে সেরাদের নির্বাচন করেছি। তাঁদের জন্য শুভকামনা রইল।

এ ছাড়া বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজনকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন টিজেএমএস ট্রেডিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মায়ময়না খাতুন মনি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী এবং পাঠকবন্ধুর প্রধান পৃষ্ঠপোষক কামরুল হাসান।

অধ্যাপক শাহ আলম চৌধুরী বলেন, ‘তরুণদের জন্য পাঠকবন্ধু একটি চমৎকার প্ল্যাটফর্ম। দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে একত্র হয়ে সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা ও জ্ঞানচর্চামূলক নানা কার্যক্রমে অংশ নিচ্ছে। এর মাধ্যমে তাদের মেধা, নেতৃত্বগুণ ও সামাজিক সচেতনতার বিকাশ ঘটছে। আজকের তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে অনেক তরুণ বইপড়া থেকে দূরে সরে যাচ্ছে। পাঠকবন্ধু সেই দূরত্ব কমিয়ে শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে। তাই এটি শুধু একটি সংগঠন নয়, বরং তরুণদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের একটি অনুপ্রেরণাদায়ী প্ল্যাটফর্ম।’

মায়ময়না খাতুন মনি বলেন, ‘এমন একটি সুন্দর প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য আজকের পত্রিকাকে ধন্যবাদ। গত দুই বছরে পাঠকবন্ধু অনেক ইতিবাচক ও প্রশংসনীয় কাজ করেছে। আমি বিশ্বাস করি, আজকের পত্রিকার হাত ধরে ভবিষ্যতে সংগঠনটি আরও অনেক দূর এগিয়ে যাবে। পাঠকবন্ধু সামাজিক, মানবিক কর্মকাণ্ডসহ নানা ভালো উদ্যোগের সঙ্গে যুক্ত, আর সে কারণে আমি এই আয়োজনে অংশ নিয়েছি। আমি সব সময় ভালো কাজের পাশে থাকার চেষ্টা করব এবং ইনশা আল্লাহ পাঠকবন্ধুর সঙ্গেও থাকব।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিবিএ বিভাগের প্রধান ড. মোহাম্মদ জুলফিকার আলী। তিনি বলেন,

‘শুধু গণ্ডিবদ্ধ পড়াশোনা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না। সহশিক্ষা কার্যক্রম ও এ ধরনের সংগঠন শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনে সহায়তা করে।’

সবশেষে পাঠকবন্ধুর প্রধান পৃষ্ঠপোষক এবং আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনারা পাঠকবন্ধুর সঙ্গে থাকুন। আপনাদের জন্য যা প্রয়োজন, আমরা তা করার চেষ্টা করব। পাঠকবন্ধু আরও বড় হোক—এটাই প্রত্যাশা।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মোহাম্মদ মেহেদী হাসান, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আব্দুল্লাহ মোহাম্মদ সায়েম, বাংলা পাজেল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাদিম মাজিদসহ অন্যান্য অতিথি এবং বিভিন্ন শাখার পাঠকবন্ধুর সদস্যরা।

সবশেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন আদি রস লোকগানের দল বাউল গরীব মুক্তার এবং সাদাকালা ব্যান্ড। জনপ্রিয় গান ‘মিলন হবে কত দিনে’, ‘নেশা লাগিল রে’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’সহ বিভিন্ন পরিবেশনায় পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত