Ajker Patrika

‎প্রাথমিকের শিশুদের ‘পচা’ খাবার সরবরাহ, মাদারীপুরে গ্রেপ্তার ২

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৯ জুন ২০২৬, ২০: ০৩
‎প্রাথমিকের শিশুদের ‘পচা’ খাবার সরবরাহ, মাদারীপুরে গ্রেপ্তার ২
গ্রেপ্তার দুজন। ছবি: সংগৃহীত

‎সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান স্কুল ফিডিং বা মিড ডে মিল প্রকল্পে মাদারীপুরে নিম্নমানের ‘পচা’ খাবার সরবরাহে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা ‘সমতা ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে স্কুল ফিডিং প্রকল্পের খাবার সরবরাহ কার্যক্রমে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন।

মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তে নষ্ট ও খাওয়ার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের অভিযোগে তাঁদের সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এ এফ এম আহসানুল হাবিব (৫১) ও মো. নুরুজ্জামান (৪৩)। আহসানুল হাবিব ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ও মো. নুরুজ্জামান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, ‎মঙ্গলবার তাঁদের মাদারীপুর পৌরসভার চাঁদমারি এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ‘তাঁরা (গ্রেপ্তার দুই ব্যক্তি) সমতা ট্রেডার্স নামের ওই প্রতিষ্ঠানের অপারেশন ম্যানেজার। একটি স্কুল ফিডিং প্রকল্পে পচা খাবার সরবরাহের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করেছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক। তাঁদের মঙ্গলবারই আমরা আদালতে পাঠিয়েছি।’

এই ঘটনায় মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্তে নষ্ট ও খাওয়ার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির ভূমিকা ও দায়দায়িত্বের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

‎মন্ত্রণালয় জানিয়েছে, কিছুদিন আগে মাদারীপুর সদর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কয়েকটি স্কুলে মিড ডে মিলের খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়। এরপর সরকার এ বিষয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের কথা জানায়।

সে সময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের জন্য চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসককে অনুরোধ করেন। তিনি অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত