Ajker Patrika

মাদারীপুরে শিক্ষার্থীদের পচা খাবার সরবরাহ, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে শিক্ষার্থীদের পচা খাবার সরবরাহ, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে
গ্রেপ্তার দুজন। ছবি: সংগৃহীত

মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পচা খাবার সরবরাহের মামলায় গ্রেপ্তার ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই অপারেশন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৯ জুন) বিকেলে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এলিয়াম হোসেন এই আদেশ দেন।

এর আগে তাঁদের গতকাল সোমবার (৮ জুন) রাতে শহরের চাঁনমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দোগাছিয়া গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে আহসানুল হাবিব (৫২) ও বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পার্বতীশিবপুর এলাকার নুরুল ইসলাম খানের ছেলে নুরুজ্জামান খান (৪৪)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় ফিডিং কার্যক্রমের আওতায় রুটি, কলা ও ডিম টিফিন হিসেবে শিক্ষার্থীদের দিয়ে আসছে সরকার। সমতা ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলো বিনা মূল্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়।

গত ৮ এপ্রিল দুপুরে মাদারীপুর সদর উপজেলার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিফিন খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবার রিপন ঘটনাস্থলে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া টিফিনের রুটি, কলা ও ডিম আলামত হিসেবে জব্দ করেন।

ঘটনার পরদিন মাদারীপুরের জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের স্বাক্ষরিত এক চিঠিতে অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহম্মেদকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। পরে ঘটনার সত্যতা পান কমিটির সদস্যরা। গণমাধ্যমে সংবাদ প্রচার হলে ফিডিং কার্যক্রমের প্রকল্প পরিচালক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হারুণ অর রশীদ ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় তিনি আশ্বাস দেন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার।

এই ঘটনায় গত ২৭ এপ্রিল মাদারীপুর সদর উপজেলার ১৬৫ নম্বর পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন চৌধুরী বাদী হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন।

পরে গ্রেপ্তার হন সমতা ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা আহসানুল হাবিব ও নুরুজ্জামান খান। বিকেলে আদালতে তোলা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খুদে শিক্ষার্থীদের মাঝে পচা খাবার সরবরাহের ঘটনায় করা মামলায় সমতা ট্রেডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যদের ধরতে কাজ করছে পুলিশ। এদিকে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নষ্ট খাবার সরবরাহের অভিযোগের প্রাথমিক সত্যতা পায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, স্কুলশিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাদ্যের মান নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। তদন্তে যাঁদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ফারিয়া রফিক ভাবনা আরও বলেন, মামলাটির তদন্ত অব্যাহত আছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাঁদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে আদালতে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত