শক্তি-সামর্থ্য কিংবা ইতিহাস-ঐতিহ্যে আর্জেন্টিনার চেয়ে বেশ পিছিয়ে আলজেরিয়া। লা আলবিসেলেস্তেদের এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে মনে করা হচ্ছে। আলরেজিয়ানদের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা অবশ্য এসব আমলেই নিচ্ছেন না। বিশ্বকাপে লিওনেল স্কালোনির দলকে সরাসরি হারানোর হুমকি দিয়ে রাখলেন তিনি।
বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। ‘জে’ গ্রুপে অস্ট্রিয়া ও জর্ডানের পাশাপাশি আলজেরিয়ার বাকি প্রতিপক্ষ আর্জেন্টিনা। ১৭ জুন কানসাস সিটিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে আফ্রিকার দলটি। সে ম্যাচকে সামনে রেখে আলেজরিয়া যে বেশ আত্মবিশ্বাসী, সেটাই বোঝা গেল মাজার কথায়।
মাজা বলেন, ‘আমরা মেসিকে হারাতে যাচ্ছি। ইনশাআল্লাহ। আমাদের একটি ভালো বিশ্বকাপ খেলতে হবে, আর আর্জেন্টিনার বিপক্ষে প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।’ এই মন্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে শুধু উসকানিমূলক মন্তব্য নয়, ম্যাচে শৃঙ্খলা ও মানসিক স্থিতিশীলতার গুরুত্বও তুলে ধরেছেন এই মিডফিল্ডার।
মাজা বলেন, ‘প্রতিপক্ষ আমাদের অনেক উসকানি দেবে। কিন্তু আমাদের উচিত দৃঢ় মনোভাব নিয়ে মাঠে নামা এবং পুরো ম্যাচজুড়ে মাথা ঠান্ডা রাখা।’
আলজেরিয়ান ফুটবলের অন্যতম উদীয়মান তারকা হিসেবে পরিচিত মাজা এবারই প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বায়ার লেভারকুসেনের এই ২০ বছর বয়সী ফুটবলার। তাঁর মতে, সঠিক মনোযোগ, তীব্রতা এবং কৌশলগত শৃঙ্খলা বজায় রাখতে পারলে তার দল টুর্নামেন্টের অন্যতম ফেবারিটকে চমকে দিতে পারবে।