লিওনেল মেসির সঙ্গে তাঁর কথোপকথন নিয়ে দেওয়া একটি বক্তব্য ‘বিকৃত’ করায় বিদেশি এক সংবাদমাধ্যমের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আগামীকার আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে আলবামায় দলের অনুশীলন সেশনের আগে সোমবার এক সংবাদ সম্মেলনে আসেন আর্জেন্টাইন তিনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলেকে তিনি জানিয়েছিলেন যে মেসির সঙ্গে তাঁর আলোচনা কেবল অধিনায়কের ব্যক্তিগত বিষয়গুলো নিয়েই হয়। কিন্তু তাঁর এই বক্তব্যকে সম্পূর্ণ বিকৃতভাবে উপস্থাপন করে রটানো হয়েছে। সেখানে বলা হয় সব সিদ্ধান্তের পেছনে মেসির সঙ্গে পরামর্শের প্রয়োজন হয় তাঁর।
অধিনায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই। সেদিন একটি আর্জেন্টাইন সংবাদমাধ্যম (ওলে) আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি তাঁর (মেসি) সঙ্গে কথা বলি কি না। আমি বলেছিলাম হ্যাঁ, তাঁর ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য কথা বলি। কিন্তু একটি বিদেশি সংবাদমাধ্যম আমার উত্তরটি বিকৃত করে এবং সব জায়গায় ছড়িয়ে পড়ে যে আমি নাকি তাঁর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিই। আমি মনে করি বিষয়টি পরিষ্কার করা গুরুত্বপূর্ণ, বিশেষ করে তাঁর (মেসির) সম্মানের স্বার্থে। মানুষ আমার সম্পর্কে কী ভাবল, তাতে আমার কিছু যায় আসে না।’
সংবাদ সম্মেলনে স্কালোনি সরাসরি কোনো সংবাদমাধ্যমের নাম নেননি। তবে ধারণা করা হচ্ছে, স্প্যানিশ ক্রীড়া দৈনিক 'মার্কা'র একটি প্রতিবেদনের দিকেই ছিল তাঁর এই ইঙ্গিত। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, আর্জেন্টিনা দলের প্রতিটি সিদ্ধান্তের ওপর নাকি মেসির সরাসরি প্রভাব রয়েছে।
পর্তুগাল কোচের প্রসঙ্গ টেনে স্কালোনি বলেন, ‘তারা পর্তুগিজ কোচকেও জিজ্ঞেস করেছিল যে তিনি রোনালদোর সঙ্গ এমনটা করেন কি না। যেহেতু তিনি জানতেন না এই প্রশ্নটি কোথা থেকে এসেছে, তাই তিনি বলেছিলেন যে তিনি ভিন্নভাবে কাজ করেন। কিন্তু বাস্তবে, তিনিও সম্ভবত আমার মতোই কাজ করেন এবং তারপর যৌক্তিকভাবে দল সাজান। আমি বিষয়টি পরিষ্কার করছি কারণ এটি অত্যন্ত সস্তা মানসিকতার মনে হয়েছে। এটা আমাকে বেশ রাগিয়ে দিয়েছে।’
মেসিকে জড়িয়ে এমন মুখরোচক খবর ছড়ানোয় বিরক্ত স্কালোনি প্রতিবেদনটি সরিয়ে নেওয়ারও অনুরোধ জানান। পুরো বিষয়টি একটি ভুল বোঝাবুঝি আশা করে তিনি বলেন, ‘আমি আশা করি এটি একটি ভুল বোঝাবুঝি ছিল। আর আপনারা যদি ওই প্রতিবেদনটি সরিয়ে নেন, তবে তা আমার ও লিওর জন্য একটি বড় উপকার হবে। কারণ আমি এখানে যত বছর ধরে আছি, সে (মেসি) কখনো একটি কথাও বলেনি। স্বাভাবিকভাবেই, আমি তাঁর সম্পর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করি এবং এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই যে সে চায় না এমন কিছু আমি করব না। কিন্তু সেখান থেকে দল কীভাবে খেলবে, সেই সিদ্ধান্ত আমিই নিই। আমার এটি পরিষ্কার করার প্রয়োজন ছিল না, তবে তারা একটি বক্তব্যকে বিকৃত করায় আমি বিরক্ত হয়েছি।’
আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে কিছু সময়ের জন্য মাঠে দেখা যাবে—এমন আভাস দিয়ে কোচ জানান আসন্ন বিশ্বকাপে এই মহাতারকার ভূমিকা নিয়েও। স্কালোনির ভাষায়, ‘মেসির ভূমিকা বরাবরের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ সে মাঠে থাকলে যা তৈরি করে তা অনন্য। সবাই তাঁর খেলা দেখার অপেক্ষায় থাকে এবং আমি তাঁকে খেলা থেকে বিরত রাখার মতো কেউ নই। আমি আশা করি সে ফিট থাকবে, যা আমরা সবাই চাই, এবং সে তাঁর সেই চেনা ভূমিকায় থাকবে যা সবসময় ছিল।’