প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে প্রয়োজনীয় আর্থিক অনুদান প্রদান করেছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের এক ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণার হাতে এই অনুদানের চেক তুলে দেন তিনি।
২০২৫ সালে ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য সহায়তার প্রয়োজন হলে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তা*র মায়ের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন।
২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপজয়ী দলের সদস্য ঋতুপর্ণা। গত বছর ইতিহাসে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। সেখানেও ঋতুপর্ণা গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
অনুদান প্রদান অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।