অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত মাত্র একবারই টেস্ট জিতেছে বাংলাদেশ। ২০১৭ সালের ৩০ আগস্ট সে জয়টা এসেছিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এবার শুধু একটা ম্যাচই নয়, অজিদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বপ্নই দেখছেন মাহমুদুল হাসান জয়। তাও আবার অস্ট্রেলিয়ার মাটিতেই।
সবশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেছে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার পর আগামী আগস্টে তাসমান পাড়ের দেশটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচ দুটি হবে ডারউইন ও ম্যাকাইতে। সাম্প্রতিক সময়ে এই সংস্করণে ভালো করছে বাংলাদেশ। নিজেদের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করেছে। সদ্য শেষ হওয়া সিরিজের আত্মবিশ্বাস অস্ট্রেলিয়া সিরিজের আগে শক্তি হিসেবে কাজ করবে বাংলাদেশের জন্য।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে নিজেদের লক্ষ্য সংবাদ সম্মেলনে নিয়ে জয় বলেন, ‘সবারই আশা থাকে অস্ট্রেলিয়ায় খেলার, এবং অস্ট্রেলিয়ায় যদি আমরা একটা টেস্ট জিততে পারি, তাহলে এটা ইতিহাস হয়ে থাকবে।’
স্পোর্টিং উইকেট পেলে অস্ট্রেলিয়ায় ভালো করা সম্ভব বলে মনে করেন জয়, ‘আমরা দেখেন গত ৪-৫টা সিরিজ যখন আমরা দেশের মাটিতে খেলেছি, খুব ভালো স্পোর্টিং উইকেট ছিল। বাউন্স খুব ভালো ছিল, উইকেটে রান হয়েছে, বোলারেরাও উইকেট নিয়েছে। সুতরাং এটা খুব ইতিবাচক দিক যে আমরা অস্ট্রেলিয়ায় গিয়ে যদি এই ধরনের উইকেট পাই, আমাদের জন্য খুব ভালো হবে।’
জয় বিশ্বাস করেন, এখন অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষেও লড়াই করার সামর্থ্য রাখে বাংলাদেশ। তিনি বলেন, ‘এখন আমরা যে পর্যায়ে আছি, আমরা কিন্তু যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতোই সক্ষম। আমরা যদি ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে ভালো রান তুলতে পারি, তাহলে আমাদের যে মানসম্মত বোলার আছে, ওরা যেকোনো প্রতিপক্ষকে কঠিন সময়ের মুখোমুখি করতে পারবে।’