রাজধানীর পল্লবী এলাকায় আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ রোববার চার্জশিট দাখিল করা হতে পারে উল্লেখ করে পুলিশ জানিয়েছে, মামলার ডিএনএ পরীক্ষার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ গতকাল শনিবার বাসসকে বলেন, ‘ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শেষ হয়েছে এবং রোববার চার্জশিট দাখিল করা হতে পারে।’
অহিদুজ্জামান ভূঁইয়া আরও বলেন, তিনি চার্জশিট প্রস্তুত করছেন এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিএনএসহ বিভিন্ন প্রতিবেদন পরীক্ষা করছেন।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তিকে ২০ মে গ্রেপ্তার করা হয় এবং তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ জবানবন্দি রেকর্ড করেন এবং পরে অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তারা জানান, অভিযুক্ত ব্যক্তি পল্লবীর ওই শিশুকে কৌশলে একটি কক্ষে নিয়ে গিয়ে অপরাধ সংঘটিত করেন। ঘটনার পর তিনি প্রমাণ নষ্ট করার চেষ্টা করেন এবং পরে পালিয়ে যান।
জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অভিযুক্ত ব্যক্তি দাবি করেন, ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন।
তদন্তকারীরা আরও জানান, অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগী শিশুর পরিবারের মধ্যে কোনো পূর্বশত্রুতার প্রমাণ পাওয়া যায়নি।
ভুক্তভোগী শিশুর বাবা ২০ মে পল্লবী থানায় এই ঘটনায় একটি মামলা দায়ের করেন। সেদিনই পুলিশ অভিযুক্ত ব্যক্তি ও তাঁর স্ত্রীকে আদালতে হাজির করে এবং তদন্তের স্বার্থে পৃথক আবেদন জমা দেয়।