পশ্চিমবঙ্গের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার আসামি আমানুল্লা সাইদ ওরফে শিমুল ভূঁইয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষ থেকে এই আবেদন করা হয় বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
এর আগে গতকাল সোমবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি শাতিকা হোসেনের বেঞ্চ আসামি শিমুল ভূঁইয়াকে জামিন দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার বাহার রুমী ও শিউলি খানম। আসামি শিমুলের পক্ষে ছিলেন আইনজীবী শেখ আতিয়ার রহমান।
২০২৪ সালের মে মাসে তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতার নিউটাউন এলাকার একটি ফ্ল্যাটে হত্যা করে মরদেহ টুকরা টুকরা করা হয়। সেই ঘটনায় একই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
মামলায় গ্রেপ্তার হওয়ার পর একই বছরের ৫ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন একসময়ের চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।