প্রতি ঈদের মতো এই কোরবানির ঈদেও প্রকাশ পাচ্ছে নতুন গান। এই তালিকায় পুরোনো শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাচ্ছে গানগুলো। ঈদ উপলক্ষে প্রকাশিত এসব গানের খবর নিয়ে এই প্রতিবেদন।
২০০৩ সালে হাবিবের সংগীতায়োজনে প্রকাশ পায় ‘কৃষ্ণ’ অ্যালবাম। এতে বাংলা লোকগানের সঙ্গে পাশ্চাত্যের সংগীতের মিশ্রণ ঘটিয়েছিলেন হাবিব। প্রচলিত বাউলগানগুলো নতুন করে গেয়েছিলেন কায়া। ২০০৪ সালে হাবিবের সংগীতায়োজনে ‘মায়া’ অ্যালবামেও ছিল কায়ার গান। ২৩ বছর পর আবারও কায়ার সঙ্গে গান প্রকাশ করছেন হাবিব। ‘কই রইলা রে’ শিরোনামের গানটিতে হাবিব ও কায়ার সঙ্গে আরও আছেন মুজা। ২৭ মে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
রোজার ঈদে প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী বালামের পঞ্চম একক অ্যালবাম ‘মাওলা’-এর চারটি অডিও গান। কোরবানির ঈদ উপলক্ষে এই অ্যালবামের মাওলা গানের মিউজিক ভিডিও প্রকাশ করছেন বালাম। মাওলা মাওলা মাওলা, তুই পানা দেরে মাওলা—এমন কথায় গানটি যৌথভাবে লিখেছেন রশিদ নিউটন ও বালাম।
ইমরান মাহমুদুলের নতুন গান ‘মন বুঝলা না’। লিখেছেন ও সুর করেছেন গুঞ্জন চৌধুরী। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সংগীত আয়োজন করেছেন ইমরান। ঈদ উপলক্ষে ইমরানের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।
টি অ্যান্ড টি কনসালট্যান্সি লন্ডন ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে অবন্তী সিঁথির ‘প্রেম’ শিরোনামের গান। এতে অবন্তী সিঁথির সহশিল্পী অমিত দে। গান লিখেছেন শাহান কবন্ধ, সংগীতায়োজনে মীর মাসুম।
ঈদ উপলক্ষে প্রকাশ পেয়েছে আসিফ আকবর ও লন্ডনপ্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহানের ‘রূপসী শ্রীমঙ্গল’। শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে তৈরি গানটি নিয়ে নির্মিত মিউজিক্যাল ফিল্মটি প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।
তানভীর আহমেদের লেখা ও সুর করা ‘প্রেমকাহিনি’ গানে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও কোনাল। ভিডিও বানিয়েছেন আকরাম খান। মডেল হয়েছেন সাকিব সিদ্দিকী ও আরোহী মীম। কেএম মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই গান।
মোহাম্মদ মিলন ও মার্জিয়া বুশরা রোদেলার দ্বৈত গান ‘কান পেতে শোন’। এটি তাঁদের প্রথম দ্বৈত গান। মামুন আফনান রুমির লেখা গানটি সুর করেছেন মিলন। সংগীত আয়োজন করেছেন এম এম রনি। বোরহানউদ্দিন মিরাজের নির্দেশনায় গানের ভিডিওতে মিলনের সঙ্গে মডেল হয়েছেন মালিহা মাশফিরাত মেধা। গানটি প্রকাশ পেয়েছে ওয়াই আর মিউজিক ইউটিউব চ্যানেলে।
সানিয়া সুলতানা লিজার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘তোমার রোদেলা আকাশে’ শিরোনামের গান। এতে লিজার সহশিল্পী অনিক। লালন লোহানীর লেখা এই গানের সুর ও সংগীত আয়োজন করেছেন নাজির মাহমুদ। মিউজিক ভিডিও বানিয়েছেন রাজ বিশ্বাস শংকর।
তিন বছর পর প্রকাশ পাচ্ছে নুসরাত ফারিয়ার নতুন গান। ‘লোকে বলে’ শিরোনামের গানটি লিখেছেন বাঁধন। সুর ও সংগীত আয়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদীর। ভিডিও পরিচালনা ও কোরিওগ্রাফি করেছেন পশ্চিমবঙ্গের বাবা যাদব। মিউজিক ভিডিওতে নুসরাত ফারিয়ার সঙ্গে পাওয়া যাবে ফুয়াদকেও। ২৬ মে এসভিএফ মিউজিক ও ব্লিং মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে লোকে বলে গানের ভিডিও।
সংগীতশিল্পী ঐশীর জন্ম ও বেড়ে ওঠা নোয়াখালীর মাইজদীতে। এবার নিজের এই পরিচয় নিয়ে তৈরি গান নিয়ে আসছেন তিনি। গানের শিরোনাম ‘নোয়াখাইল্লা মাইয়া’। এতে ঐশীর সঙ্গে আছেন ব্ল্যাক জ্যাং। ঈদ উপলক্ষে ঐশীর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন রেজা করিম। ‘মনে যদি ঝড়’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন শাহাদাত হোসেন নাদিম। যৌথভাবে সংগীতায়োজন করেছেন নাদিম ও জুয়েল মাহমুদ।
গানচিল মিউজিক প্রকাশ করছে জিসান খান শুভর গান ‘মন বুঝি না’। কথা লিখেছেন ও সুর করেছেন জিসান খান শুভ। ভিডিও বানিয়েছেন রহিত রায়হান সৈকত। গল্পনির্ভর এই মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অভিনয়শিল্পী পার্থ শেখ ও আইশা খান। ২৫ মে গানচিল মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মন বুঝি না গানের ভিডিও।