মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর মুক্তির পর থেকে আলোচনা চলছিল এর সিকুয়েল নিয়ে। অবশেষে সিকুয়েলের ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠান। প্রথম পর্ব যেখানে শেষ হয়েছিল, তার পর থেকে কিং অব পপের জীবনের বাকি অধ্যায় এবং অজানা গল্প উঠে আসবে সিকুয়েলে। ২১ মে লায়ন্সগেটের এক বৈঠকে মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন জানান, ‘মাইকেল ২’ সিনেমার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
মাইকেল বানিয়েছেন অ্যান্টোইন ফুকুয়া। সাধারণ পরিবারের মাইকেল জ্যাকসন কীভাবে হয়ে ওঠেন পপের রাজা, সেই কাহিনি উঠে এসেছে সিনেমায়। মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁর ভাতিজা জাফর জ্যাকসন। ১৯৮৭ সালের লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বিখ্যাত ‘ব্যাড ওয়ার্ল্ড ট্যুর’-এর কনসার্ট দিয়ে শেষ হয়েছে মাইকেল সিনেমাটি। অ্যাডাম ফোগেলসন বলেন, ‘মাইকেল জ্যাকসনের জীবনে অনেক অধ্যায় রয়েছে, যার বেশির ভাগ সিনেমায় দেখানো যায়নি। সেই অধ্যায়গুলো উঠে আসবে পরবর্তী পর্বে। এ ছাড়া যে সময়কাল পর্যন্ত দেখানো হয়েছে, সেখানেই কিছু বিষয় বাদ পড়েছে।’ তিনি আরও জানান, সিকুয়েলটি কোনো নির্দিষ্ট টাইমলাইনে এগোবে না। বরং গল্পের খাতিরে কখনো এগিয়ে বা পিছিয়ে আনা হবে।
১৯৯৩ সালে মাইকেলের বিরুদ্ধে ওঠা শিশু নির্যাতনের অভিযোগের দৃশ্যগুলো রাখা হয়েছিল মাইকেল সিনেমায়। তবে আইনি জটিলতায় নির্মাতারা দৃশ্যগুলো বাদ দিতে বাধ্য হয়েছেন। ফলে বেশ কিছু অংশ নতুন করে শুট করতে হয়েছিল। বাদ দেওয়া অংশগুলো সিকুয়েলে রাখার ইঙ্গিত দিয়েছেন অ্যাডাম ফোগেলসন। তবে কবে নাগাদ মুক্তি পাবে মাইকেল ২, তা নির্দিষ্ট করে বলেননি তিনি।
গত ২৪ এপ্রিল মুক্তির পর বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তোলে মাইকেল। এখন পর্যন্ত ৭৩০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে সিনেমাটি। কোনো সংগীত তারকার বায়োপিককে ঘিরে এমন উন্মাদনা এর আগে দেখা গিয়েছিল ‘বোহেমিয়ান র্যাপসডি’র সময়। কুইন ব্যান্ডের গায়ক ফ্রেডি মার্কারির বায়োপিকটি ২০১৮ সালে আয় করেছিল ৯১০ মিলিয়ন ডলারের বেশি।