নেত্রকোনায় রোহিঙ্গা নাগরিক সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে।
গতকাল সোমবার রাত নয়টার দিকে শহরের ছোটবাজার এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানা পুলিশ তাঁকে আটক করে।
আটক ব্যক্তির নাম মো. কারিম (৩০)। তিনি কক্সবাজারের ওয়াইকাম এলাকার ফালনখালি থাকতেন বলে পুলিশ জানিয়েছে। তাঁর বাবার নাম রাফিক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত পৌনে নয়টার দিকে শহরের ছোট বাজার এলাকায় সিলেট বেকারের সামনে কারিম নামে ওই যুবক ঘোরাফেরা করছিলেন। তাঁর কথাবার্তা ও ঘোরাঘুরি সন্দেহজনক হওয়ায় জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুলের নেতৃত্বে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সরকার আজ মঙ্গলবার বলেন, আটক ব্যক্তির পরিচয় ও অবস্থান সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি রোহিঙ্গা নাগরিক। তিনি ভোটার হতে নেত্রকোনায় আসছেন বলে জানিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৬ জুন তিনি চট্টগ্রাম থেকে সোনাতরী পরিবহনের একটি গাড়িতে করে নেত্রকোনায় আসেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’