মৌলভীবাজারে হাম ও হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে ৯ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়া ১৮ জনের হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। ইতিমধ্যে জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ৯৯ শতাংশ পূর্ণ হয়েছে। মৌলভীবাজারের সিভিল সার্জন মো. মামুনুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
মৌলভীবাজার সিভিল সার্জন সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে ১৬ জনের হাম ও দুজনের রুবেলা শনাক্ত হয়েছে। গত এপ্রিল মাস থেকে জুনের ৯ তারিখ পর্যন্ত জেলায় ৯ শিশুর মৃত্যু হয়েছে হাম ও হামের উপসর্গ নিয়ে। তবে এর মধ্যে তিন শিশুর হাম শনাক্ত হয়েছে। জেলায় ২ লাখ ৪ হাজার ৯২৮ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৯৯ শতাংশ টিকাদান সম্পন্ন হয়েছে। এ ছাড়া জেলা সদর হাসপাতালে ২০ বেডের ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ বেডের আইসোলেশন সেন্টার রয়েছে।
মৌলভীবাজারের সিভিল সার্জন মো. মামুনুর রহমান বলেন, জেলায় হামের টিকা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে টিকাদান কর্মসূচির ৯৯ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। টিকা দেওয়ার পর কমপক্ষে এক মাস লাগে তা পুরোপুরি কার্যকর হতে। জেলায় ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম পজেটিভ পাওয়া গেছে তিনজনের। ৯ জনের মধ্যে দুই শিশু সিলেটে মারা গেলেও তাদের জন্মস্থান মৌলভীবাজার। এ ছাড়াও ডেঙ্গু, হাম-রুবেলা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। বিশেষ করে যাদের হামের লক্ষ্মণ রয়েছে, তাদেরকে মাস্ক পরার জন্য বলা হয়েছে।