মেহেরপুরে ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় শাকিল হোসেন নামের একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আজ রোববার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
২৯ কার্যদিবসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করে এই মামলার রায় দিলেন আদালত। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শাকিল হোসেন মেহেরপুরের গাংনীর একটি গ্রামের বাসিন্দা।
মেহেরপুর নারী ও শিশু দমন এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন গাংনীর একটি গ্রামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশুটিকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন শাকিল হোসেন। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালে গ্রামবাসী শাকিলকে আটক করে গণপিটুনি দেন। এরপর পুলিশ তাঁকে আটক করে। পরে শিশুটির বাবা গাংনী থানায় মামলা করেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, পুলিশ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার পর ২৯ কার্যদিবসের মধ্যে ১২ জন সাক্ষীর ভার্চুয়ালি ও সশরীরে জবানবন্দি গ্রহণ ও জেরা করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও চিকিৎসকের প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আদালত আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছর কারাদণ্ডের আদেশ দেন। জরিমানার টাকা আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে আদালতের মাধ্যমে ভুক্তভোগীর পরিবারকে পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। রায়ের পর ভুক্তভোগী শিশুর পরিবার সন্তোষ প্রকাশ করেছে। তবে আসামির আইনজীবী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।