মানিকগঞ্জ সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফয়সাল (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ভাটবাউর এলাকার তাসনুভা ফিলিং স্টেশনের একটি আমগাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল ওই এলাকার মুন্নু মিয়ার ছেলে। তিনি তাসনুভা ফিলিং স্টেশনে কর্মচারী হিসেবে কাজ করতেন।
তাসনুভা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী তানজিলুর ফারগানি খান জানান, ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন জানাতে ফিলিং স্টেশনের একটি আমগাছে পতাকা টাঙাতে ওঠেন ফয়সাল। এ সময় অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে তিনি গুরুতর বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্তমানে ফয়সালের মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ঘটনাটি একটি দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’