১২ দফা দাবিতে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কর্মসূচি ঘোষণা করেছে। আজ মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে—১২-২৫ জুন পর্যন্ত ২১ জেলার স্পিকার, মন্ত্রী, হুইপ, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় এবং স্মারকলিপি পেশ; ২৭ জুন দাবির সমর্থনে ওজোপাডিকোর আওতাধীন সব জেলায় কর্মী/গেট সভা ও মানববন্ধন এবং ১ জুলাই ওজোপাডিকোর প্রধান কার্যালয় খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
আজ দুপুর ১২টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান বলেন, ‘এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে পরবর্তী সময়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা/বর্ধিত সভা করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর থাকবে না।’ তিনি আরও বলেন, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ২০৯ ও ধারা ২১০ মোতাবেক ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক বরাবর গত ৭ মে ১২ দফাসংবলিত শিল্প বিরোধ উত্থাপন করা হয়েছে। শ্রম আইন অনুযায়ী বিরোধ উত্থাপনের ১৫ দিনের মধ্যে কর্তৃপক্ষের পক্ষ থেকে নিষ্পত্তির জন্য আলোচনায় বসার লিখিত প্রস্তাব দেওয়ার বিধান থাকা সত্ত্বেও গত ১ মাসের মধ্যে ওজোপাডিকো কর্তৃপক্ষ সিবিএর সঙ্গে কোনো প্রকার আলোচনার প্রস্তাব দেননি।
১২ দফা দাবি হচ্ছে—ওজোপাডিকোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর; গ্রাহকসেবার মানোন্নয়ন; চাকরির শর্ত উন্নয়ন; অর্গানোগ্রাম সংশোধন; নিয়োগ ও পদোন্নতি; বেতন ও ভাতা ঘোষণা; বিধিমালা অনুযায়ী শ্রমিকের অধিকার নিশ্চিতকরণ; বৈষম্য দূরীকরণ ও সামাজিক সুরক্ষা প্রদান; পারস্পরিক আস্থা বৃদ্ধি ও সুসম্পর্ক উন্নয়ন; পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, কল্যাণ ও কর্মপরিবেশ নিশ্চিত করা; জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকি কমাতে কৌশল প্রণয়ন; ভিন্নমতাদর্শীদের চাকরির সুবিধা প্রদান এবং খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন, হুমায়ুন কবির, কাজী আলী আহসান সানি প্রমুখ।