ফেনীর প্রবীণ সাংবাদিক, এনটিভি ও দৈনিক জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৯ জুন) ভোরে ফেনী ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ফেনী ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ বাদ জোহর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
ওছমান হারুন মাহমুদ দুলাল তিন দশকেরও বেশি সময় ধরে ফেনীর সাংবাদিকতা অঙ্গনে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তিনি এনটিভি ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তাঁর মৃত্যুতে জেলার সাংবাদিক সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।