হোম > সারা দেশ > চাঁদপুর

মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধর, ছেলে কারাগারে

চাঁদপুর প্রতিনিধি

আবু ইউছুফ পাটোয়ারী। ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে মায়ের ভরণপোষণ না দেওয়া ও শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে তোলা হলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে চাঁদপুরের বিচারিক আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল সোমবার (৮ জুন) গভীর রাতে উপজেলার চেড়িয়ারা পাটোয়ারী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে শাহরাস্তি মডেল থানার পুলিশ।

গ্রেপ্তার আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) উপজেলার চেড়িয়ারা এলাকার হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, আবু ইউছুফ পাটোয়ারীর মা রোকেয়া বেগম অভিযোগ করেন, তাঁর বড় ছেলে দীর্ঘদিন ধরে তাঁর ভরণপোষণ, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরিচর্যার দায়িত্ব পালন করছেন না; বরং বিভিন্ন সময়ে তাঁর কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিলেন। এ নিয়ে প্রতিবাদ করলে তাঁকে ও পরিবারের অন্য সদস্যদের গালিগালাজ এবং মারধর করা হতো। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস হলেও কোনো সমাধান হয়নি।

অভিযোগ অনুযায়ী, ২ জুন বেলা সাড়ে ১১টার দিকে আবু ইউছুফ পাটোয়ারী তাঁর মাকে ভরণপোষণ ও চিকিৎসাসেবা দিতে অস্বীকৃতি জানিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেন। এতে মা প্রতিবাদ করলে তিনি ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় রোকেয়া বেগমের মেয়ে হাওয়া বেগম এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগে বলা হয়। পরে অভিযুক্ত ব্যক্তি প্রাণনাশের হুমকি দিয়ে বসতঘরের দরজা-জানালা, শোকেস ও আলমারি ভাঙচুর করেন। এতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী।

ঘটনার পর রোকেয়া বেগম ও তাঁর মেয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩-এর আওতায় করা মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ফরিদগঞ্জে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও কুপিয়ে যুবককে হত্যা: ৫ নারীসহ গ্রেপ্তার ৭

মুদি মালের আড়ালে মাদক বিক্রি, ফরিদগঞ্জে দুজন গ্রেপ্তার

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

গাছ থেকে জাম পাড়া নিয়ে সংঘর্ষ, চাঁদপুরে কিশোর নিহত

চাঁদপুরে শিশুখাদ্যে ভেজাল পাওয়ায় ব্যবসায়ীর জরিমানা

চাঁদপুরে দুই শতাধিক অসহায় পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা