এই ভালো, এই খারাপ—সৌম্য সরকারের অবস্থাটা যেন এমনই। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ৯ বছর পেরিয়ে গেছে, অথচ অফ ফর্মে তাঁকে ভুগতে দেখা যায় প্রায়ই। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারকে ফর্মে ফেরার টোটকাই দিয়ে রাখলেন নাজমুল হোসেন শান্ত।
ওপেনিং ব্যাটার হিসেবে সৌম্য ক্যারিয়ার শুরু করলেও তাঁর ব্যাটিং পজিশন নিয়ে নাড়াচড়া হয়েছে বারবার। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন সাতটি ভিন্ন পজিশনে। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তাঁকে ফিনিশারের দায়িত্বও দেওয়া হয়। অনভ্যস্ত পজিশনে ব্যাটিং করায় খেই হারিয়েছেন অনেকবার, যার মধ্যে ২০২২-এর নভেম্বরের পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ যেন একরকম হারিয়ে ফেলেন তিনি। ১০ মাস পর ২০২৩ এর সেপ্টেম্বরে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। জায়গা হারিয়েছেন ওয়ানডে বিশ্বকাপের দল থেকে।
বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে সুযোগ পান সৌম্য। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওপেনিংয়ে নেমে খেলেন ১৬৯ রানের ইনিংস। এরপর তিনি পাঁচ ম্যাচে ওপেনিংয়ে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও বলার মতো কিছুই করতে পারেননি, যার মধ্যে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫০ রানের গণ্ডিও পেরোতে পারেননি। একই প্রতিপক্ষের বিপক্ষে আগামীকাল চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। সৌম্যর ধারাবাহিকতার ঘাটতি নিয়ে জিজ্ঞেস করা হলে শান্তর ভাষ্য, ‘গত সিরিজে ওয়ানডেতে অনেক দিন পর ফিরল। তিনটা ম্যাচ খেলল, তার ভেতরে একটাতে বড় ইনিংস খেলল। ধারাবাহিকতা সবারই প্রয়োজন আছে। আলাদাভাবে সৌম্যের একার প্রয়োজন, সেটা বলব না। প্রত্যেক ব্যাটারকে এই জায়গায় উন্নতির দরকার আছে। সৌম্য নিজেও এটা নিয়ে কাজ করছে। গত সিরিজে যদি চিন্তা করা যায়, ওরকম কন্ডিশনে ওরকম একটা ইনিংস খেলা অবশ্যই আমাদের দলের জন্য অনেক বড় ব্যাপার। আশা করি, ও যদি সুযোগ পায় ওর যে জায়গায়, ওখানে ব্যাট করলে ভালো করবে।’
ব্যাটিংয়ে যেমনই হোক, সৌম্যর দুর্দান্ত ফিল্ডিংয়ের কথা যে সবারই জানা। দুর্দান্ত ক্যাচে তাক লাগিয়ে দেন প্রায়ই। কয়েক দিন আগে শেষ হওয়া লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চার ক্যাচ ধরেছেন। পাশাপাশি খণ্ডকালীন বোলার হিসেবে ডান হাতে পেস বোলিং করে থাকেন তিনি। শান্তর চাওয়া, তিন বিভাগেই যেন দুর্দান্ত পারফরম্যান্স করেন সৌম্য। শান্ত বলেন, ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সবকিছু মিলিয়ে ওর কাছ থেকে শতভাগ পেতে চাই।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে